বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইরানে ইন্টারনেট বন্ধ: স্টারলিংক চালু নিয়ে ইলন মাস্কের সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট।।

চলমান সরকারবিরোধী আন্দোলনের মুখে ইরানে টানা চার দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় দেশটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইরানে ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়ে স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে আলোচনা করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগে ইলন মাস্ক অত্যন্ত দক্ষ। তার প্রতিষ্ঠান অসাধারণ কাজ করছে। প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন, ইরানে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়টি আলোচনায় আসতে পারে।

তবে এ বিষয়ে এখনো স্পেসএক্স বা ইলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর ফলে আন্দোলনের খবর ও পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২০২২ সালের পর এটিই দেশটির ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ট্রাম্প ও মাস্কের সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় আর্থিক সহায়তা দেওয়ার পর করনীতি ইস্যুতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হলেও সম্প্রতি আবার ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলছে। তাদের মার-আ-লাগো রিসোর্টে একসঙ্গে নৈশভোজের পাশাপাশি সোমবার (১২ জানুয়ারি) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের স্পেসএক্সের টেক্সাস কার্যালয় পরিদর্শনের কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভের সময়ও ইরানে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ নিয়েছিলেন ইলন মাস্ক। সে সময় বাইডেন প্রশাসন এ বিষয়ে সহায়তা করেছিল।

বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনসহ বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলে ব্যবহৃত স্টারলিংক সেবা ইরানেও তথ্যপ্রবাহ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও তীব্র মুদ্রাস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, এ আন্দোলনে পাঁচ শতাধিক মানুষ নিহত এবং হাজারের বেশি গ্রেপ্তার হয়েছেন। তবে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন