বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব দুদেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং মিস নাফিসা (লিয়াং শুইন)।
এদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।

