চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের আধিপত্য ধরে রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয়বারের দেখাতেও রংপুরকে হারিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের জয়ে জয় নিশ্চিত করে রাজশাহী।
এই দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরো দলকে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের মালিকপক্ষ। সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফসহ দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে ২০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
এ ছাড়া ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমকে বিশেষভাবে পুরস্কৃত করছে ফ্র্যাঞ্চাইজিটি। দুজনের জন্য আলাদাভাবে ৫০ হাজার টাকা করে বিশেষ বোনাস ঘোষণা করা হয়েছে।
দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজমেন্ট জানিয়েছে, এই জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আরও ভালো পারফরম্যান্সে অনুপ্রাণিত করবে।
চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান পয়েন্ট পেলেও উন্নত নেট রান রেটের কারণে শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস।
