আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের জন্য ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে এইভাবে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে তিনজন অস্ত্রধারী, ছয়জন অস্ত্রবিহীন পুরুষ ও চারজন অস্ত্রবিহীন নারী সদস্য থাকবে।
তিনি আরও জানান, সারাদেশে ১১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন সদস্য দায়িত্ব পালন করবে, যা নির্বাচনী নিরাপত্তাকে আরও কার্যকর করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, কোনো ধরনের পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের ভবিষ্যতের কল্যাণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব। আনসার ও ভিডিপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। কেউ যেন ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দায়িত্বের বাইরে কাজ না করে।”
প্রশিক্ষণ অনুষ্ঠানে চারজন চৌকস প্রশিক্ষণার্থীকে কৃতিত্বের জন্য ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। শেষ দিকে আনসার সদস্যরা শারীরিক সক্ষমতা কসরত ও আপৎকালীন সময়ে উদ্ধার তৎপরতা প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

