চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় লাইসেন্স ছাড়াই সরকারি সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৭১ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি বন্ধু বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিসিআইসি ও বিএডিসির অনুমোদন ছাড়াই সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে বালাইনাশক ডিলার মো. নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মেসার্স ওয়াদুদ ট্রেডার্সের ডিলার।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী সরদার জানান, অভিযুক্ত ডিলার সরকারি বরাদ্দের সার গুদামে মজুদ করে প্রতি বস্তায় নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকা বেশি দামে বিক্রি করছিলেন। এছাড়া ক্রেতাদের মেমো দিতে অস্বীকৃতি জানান। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। তিনি জানান, সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ডিলারকে জরিমানা করা হয়েছে। জব্দ করা ১৭১ বস্তা সার কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানকালে উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম, উদ্ভিদবিদ আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন ভূমি কর্মকর্তা এস. মোহাম্মদ ও থানার এসআই মো. তারেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, লাইনে দাঁড়িয়েও অনেক সময় তারা সার পাচ্ছেন না। কৃষকদের অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম বলেন, সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটর করা হচ্ছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

