রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৬ কোটি টাকা লোপাট, ৭ মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট।।

কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানকে ব্যবসায়ী হিসেবে দেখিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাতটি মামলা করেছে।

মামলাগুলোতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই এবং ইউসিবিএলের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনিসহ মোট ৯৪ জনকে আসামি করা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, প্রতারণার মাধ্যমে ঋণ নেওয়া সাতটি প্রতিষ্ঠান তাদের ব্যাংক হিসাব ছাড়াও অন্যান্য হিসাব ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছে। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা ব্যাংকের কিছু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় সিন্ডিকেট গড়ে তুলেছিল।

এজাহারে বলা হয়েছে, আসামিরা সাতটি ব্যাংক শাখায় বিভিন্ন কোম্পানির স্বত্বাধিকারী হিসেবে পরিচয় দিয়ে ঋণ গ্রহণ করেছেন। প্রতারণার এই অভিযানে গ্রামের সাধারণ মানুষকে ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছিল।

দুদক আরও জানায়, ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে অনুসন্ধান শুরু হয়। ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তার ও স্ত্রীর নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন