রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শীতে মুখ ঢেকে নামাজ আদায়: কী বলছে ইসলামি বিধান?

ডেস্ক রিপোর্ট।।

শীত মৌসুমে ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই নামাজের সময় চাদর, মাফলার কিংবা মাস্ক দিয়ে মুখ ঢেকে নেন। তবে ইসলামি শরিয়তের দৃষ্টিতে মুখ ঢেকে নামাজ আদায় করার বিধান কী—এ নিয়ে মুসল্লিদের মধ্যে প্রায়ই প্রশ্ন দেখা যায়।

ইসলামি ফিকহ বিশেষজ্ঞদের মতে, নারী-পুরুষ উভয়ের জন্য স্বাভাবিক অবস্থায় চেহারা খোলা রেখে নামাজ আদায় করাই সুন্নত। অযথা মুখ ঢেকে নামাজ আদায় করা মাকরুহ হিসেবে বিবেচিত হয়। তাই বিশেষ কোনো ওজর ছাড়া শীতের চাদর, মাফলার, রুমাল, কেফিয়াহ, ওড়না বা মাস্ক দিয়ে মুখের পুরো অংশ বা কোনো অংশ ঢেকে নামাজ আদায় করা থেকে বিরত থাকা উচিত।

এ বিষয়ে হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসুল (সা.) নামাজের সময় কাঁধের দুই পাশে কাপড় ঝুলিয়ে দেওয়া এবং মুখ ঢেকে রাখা থেকে নিষেধ করেছেন (সুনানে আবু দাউদ: ৬৪৩)।

আলেমরা জানান, কোনো কারণ ছাড়াই মুখ ঢেকে নামাজ আদায় করলে তা মাকরুহ হলেও নামাজ শুদ্ধ হয়ে যায় এবং পুনরায় নামাজ আদায়ের প্রয়োজন হয় না। তবে শরিয়তসম্মত কোনো ওজর থাকলে এ ক্ষেত্রে মাকরুহের বিধান প্রযোজ্য হবে না।

বিশেষ করে সর্দি-কাশি বা অসুস্থতার কারণে যদি পাশের মুসল্লিদের কষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে নাক-মুখ ঢেকে জামাতে নামাজ আদায় করা জায়েজ। এমন পরিস্থিতিতে মুখ ঢেকে নামাজ আদায় করলেও কোনো গুনাহ হবে না বলে জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।

শীতকালে নামাজ আদায়ের সময় শরিয়তের বিধান মেনে চলার পাশাপাশি অন্য মুসল্লিদের প্রতি সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন তারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন