রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মোবাইল ফোন আমদানিতে বড় ছাড়, দাম কমবে বাজারে

ডেস্ক রিপোর্ট।।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, শুল্ক কমানোর ফলে যাতে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্প ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে উপকরণ আমদানিতে শুল্ক কমেছে প্রায় ৫০ শতাংশ।

এনবিআরের হিসাব অনুযায়ী, এই শুল্ক ছাড়ের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত একটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে একই মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজস্ব বোর্ড আরও জানায়, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পের কাঁচামালে শুল্ক কমানোর ফলে বাজারে সব শ্রেণির মোবাইল ফোনের দাম তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে থাকবে। এতে সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে বলে আশা করছে সরকার।

সরকার জানিয়েছে, ভবিষ্যতেও জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে মোবাইল ফোনের দাম সহনীয় রাখতে এ ধরনের নীতিগত উদ্যোগ অব্যাহত থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন