চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্যাতনের ফলেই ওই নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার (১২ জানুয়ারি) রাতে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য শামসুজ্জামান ডাবলুকে ধরে নিয়ে যান এবং সেখানে তাকে অমানুষিক নির্যাতন করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়।
ঘটনাটিকে ‘অমানবিক ও পৈশাচিক’ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা এ ধরনের বিচারবহির্ভূত হত্যা দেশের আইন ও ন্যায়বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
মির্জা ফখরুল আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো অপরাধের বিচার অবশ্যই আদালতের মাধ্যমে হওয়া উচিত—এটাই জনগণের প্রত্যাশা। অস্ত্র উদ্ধারের নামে কাউকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি এই মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে তিনি শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

