বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

লালমনিরহাটে নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহিন জামান, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকায় কদম গাছ থেকে আলামিন ইসলাম (৬৫) নামে এক নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত আলামিন ইসলামের পিতার নাম আছর মামুদ। তিনি স্ত্রী আয়েশা ও একমাত্র পুত্রসন্তান (১৮) নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, আলামিন ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তার স্ত্রী’র সঙ্গে পারিবারিক কলহও চলছিল বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে লতাবর আদর্শপাড়া এলাকায় একটি কদম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আলামিন ইসলামের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি কালীগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন,
“প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ইসলাম প্রায় ৩০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার পূর্ব নাম ছিল গোবিন্দ চন্দ্র। স্থানীয়ভাবে তিনি ‘গোবিন্দ ডাকাত’ নামেও পরিচিত ছিলেন। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে আলামিন ইসলাম নাম গ্রহণ করেন এবং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আয়েশা নামের এক নারীকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন