বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতাকে হত্যা, স্বর্ণ ও নগদ অর্থ লুট

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও হোমিও চিকিৎসক মোহাম্মদ আনোয়ার উল্লাহ। ভোররাতে গ্রিল কেটে বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়। এ সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনাও ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুজন যুবক প্রথমে বারান্দা ও পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। তারা প্রায় দুই ঘণ্টা বাসার ভেতরে অবস্থান করে এবং পরে বেরিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জানালার গ্রিল কেটেই দুর্বৃত্তরা বাসায় ঢোকে। পরিবারের সদস্যদের দাবি, তারা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে রাখে এবং নিশ্চিতভাবে হত্যা করার পর বাসা ত্যাগ করে। এ সময় প্রায় আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করা হয়।

নিহত আনোয়ার উল্লাহ ওই বাসার দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন। তিনি ঢাকা মহানগর উত্তর জামায়াতের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ও রুকন ছিলেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, এভাবে গ্রিল কেটে বাসায় ঢুকে হত্যা সাধারণ চুরির ঘটনা নয়; এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তারা নিরাপত্তা জোরদারের দাবি জানান।

আনোয়ার উল্লাহ এলাকায় একজন মানবিক ও সুপরিচিত চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও স্থানীয়দের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা তালেবুর রহমান জানান, ঘটনার বিষয়ে এখনো মামলা দায়ের না হলেও প্রক্রিয়া চলমান রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

মৃত্যুকালে আনোয়ার উল্লাহর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন