বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিজয় দিবসে বাংলাদেশের অনন্য সাফল্য, গিনেস রেকর্ডে বাংলাদেশের প্যারাট্রুপিং

ডেস্ক রিপোর্ট।।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশের জন্য এসেছে এক গৌরবময় আন্তর্জাতিক স্বীকৃতি। ১৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বাংলাদেশ। একসঙ্গে ৫৪ জন স্কাইডাইভার জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্বরেকর্ড গড়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত ও অভিজ্ঞ প্যারাট্রুপারদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী অভিযান পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ একাধিক দক্ষ স্কাইডাইভার ছিলেন। আকাশে একসঙ্গে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা, যা বিজয় দিবসের তাৎপর্যকে আরও মহিমান্বিত করে তোলে।

এই পুরো কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)। সফল এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের পেশাদারিত্ব, দক্ষতা ও সামরিক সক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে স্বীকৃতি পেল বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

দেশের এই অর্জনে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের মানুষ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন