আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে আজ (বুধবার, ১৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে যাচ্ছে ১১ দলীয় জোট। এ লক্ষ্যে দুপুরে জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
১১ দলীয় জোটের একাধিক সূত্র জানিয়েছে, আজ দুপুরে অনুষ্ঠিত বৈঠকে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। এর আগে সকাল থেকেই জোটভুক্ত বিভিন্ন দল নিজ নিজ নির্বাহী পরিষদের বৈঠক করছে। সব প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বহুল আলোচিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা আগামী ১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটি জানায়, আজ (১৪ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন ডাকা হয়েছে। ওই বৈঠকের পর জাতীয় নির্বাচন ও জোটগত সিদ্ধান্ত বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট করা হবে।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠকও মঙ্গলবার সন্ধ্যার পর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে। তবে দীর্ঘ আলোচনার পরও দলটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। তবে ১১ দলীয় জোটের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের বৈঠক শেষ হয়েছে। আজ তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সূত্রটি আরও জানায়, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গেও আলাদা বৈঠক করেছে এবং নিজস্ব ফোরামেও আলোচনা চালিয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে এখনো তারা চূড়ান্ত অবস্থান নেয়নি।

