বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের পথে এগোনোর ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বুধবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেইরের বক্তব্যের পর মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, শিগগিরই বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হতে পারে।

মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড বুধবার ভোরে কার্যকরের কথা ছিল। তবে আদৌ ফাঁসি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানে সাধারণত ভোরের দিকেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সোলতানির এক স্বজন সিএনএনকে বলেন, “আমি পুরোপুরি হতভম্ব। মনে হচ্ছে দুঃস্বপ্ন দেখছি। মানুষ ট্রাম্পের বক্তব্যে আশ্বস্ত হয়ে রাস্তায় নেমেছিল। আমি সবাইকে অনুরোধ করছি—এরফানকে যেন ফাঁসি দেওয়া না হয়।”

এর আগে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড শুরু হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের বরাতে রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, তবে কী ধরনের বা কতটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে ইরানে সামরিক হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে তুরস্ক, মিশর ও সৌদি আরব। কায়রোভিত্তিক এক কূটনীতিক সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, চলমান দমনপীড়নে ইরানে এখন পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ নিহত এবং ১৮ হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন। মাত্র দুই সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর যে কোনো সময়ের তুলনায় বেশি বলে দাবি করেছে সংস্থাটি।

সূত্র: দ্য গার্ডিয়ান

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন