ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্থাটির ধারণা, বর্তমানে ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন। খবর এএফপির।
বুধবার গভীর রাতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক পোস্টে জানায়, ইরানে থাকা ভারতীয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে দেশ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।
এদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বুধবার আকাশসীমা বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার তা পুনরায় উন্মুক্ত করা হয়।

