বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলায় অংশ নিতে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব প্রকাশনা প্রতিষ্ঠান ২০২৫ সালের বইমেলায় অংশ নিয়েছিল এবং একই আকারের (১, ২, ৩ বা ৪ ইউনিটের স্টল কিংবা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী, তারা অনলাইনে http://www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনকালে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সর্বশেষ চুক্তিপত্রের প্রথম ও শেষ পৃষ্ঠা, সম্মানী প্রদানের সাম্প্রতিক প্রমাণ, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে বই জমাদানের রসিদ বা প্রত্যয়নপত্র এবং অগ্নি ও সাইক্লোন বীমার কাগজপত্র আপলোড করতে হবে।
নতুন প্রকাশনা প্রতিষ্ঠান কিংবা আগের চেয়ে বড় স্টল বা প্যাভিলিয়ন প্রত্যাশী প্রকাশকদের ক্ষেত্রে আবেদন পদ্ধতি ভিন্ন। তারা বাংলা একাডেমি থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি জমা দিতে পারবেন।
২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত (ছুটির দিনসহ) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলার অভ্যর্থনাকক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত অন্তত ৩০টি মানসম্মত বই জমা দেওয়ার শর্ত রয়েছে।
বইয়ের মান ও জমা দেওয়া কাগজপত্র যাচাই করে স্টল বরাদ্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি। অনলাইনে কিংবা সরাসরি জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই শেষে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের তালিকা ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করা হবে।
স্টল বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ১ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ভাড়া অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখায় জমা দিয়ে রসিদ অনলাইনে আপলোড করতে হবে। রসিদে অবশ্যই প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্টল বরাদ্দের তালিকা থেকে বাদ পড়বে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

