বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচন কমিশন (ইসি) দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রেখেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন করা হচ্ছে না, তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ফরম্যাটে পরিবর্তন আনার পরিকল্পনা আছে।

শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদমাধ্যমের সঙ্গে ফোনালাপে ইসি মাছউদ জানান, আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর বিষয়ে কাজ চলমান রয়েছে। এতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ হবে বলে ইসি মনে করছেন।

ইসি মাছউদ বলেন, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো সময়সাপেক্ষ হওয়ায় সেখানে কোনো পরিবর্তন আনা যাচ্ছে না। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট ইতিমধ্যে প্রস্তুত ও প্রক্রিয়ায় থাকায় এটি অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালট এখনো ছাপানো হয়নি। তাই সেখানে প্রয়োজনীয় পরিবর্তন করা সম্ভব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় আট লাখ। এছাড়া দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ৭ লাখ ৬১ হাজারের বেশি ভোটার নিবন্ধিত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, একই ঠিকানায় একাধিক ব্যালট পাঠানোর ক্ষেত্রে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠতে পারে। এছাড়া ব্যালট বিতরণ ও সংরক্ষণে স্বচ্ছতা বজায় রাখার প্রশ্নও উঠতে পারে।

নির্বাচন কমিশন যদি নতুন ফরম্যাটে পোস্টাল ব্যালট ছাপায়, তা ভোটারদের জন্য সুবিধাজনক হলেও নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন