রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শোকজের জবাব দেননি নাজমুল ইসলাম, পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি। এমনকি বিসিবির শৃঙ্খলা কমিটির কাছেও তার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা জমা পড়েনি বলে বোর্ড সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পরিস্থিতিতে বিসিবির পরবর্তী করণীয় কী হবে—সে সিদ্ধান্ত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতেই থাকছে। বিষয়টি নিয়ে আপাতত বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

কিছুদিন আগে ক্রিকেটারদের পারফরম্যান্স ও পারিশ্রমিক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। তার ওই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মাঠে নামতে অস্বীকৃতি জানানোসহ বিপিএলের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথাও ভাবেন ক্রিকেটাররা। পরিস্থিতি সামাল দিতে বিসিবি দ্রুত ওই পরিচালককে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং একই সঙ্গে তার মন্তব্যের ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ পাঠায়।

শনিবার সকাল ১১টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার সময়সীমা ছিল। তবে ওই সময়ের মধ্যে কোনো উত্তর না দেওয়ার পাশাপাশি নোটিশ পাঠানোর প্রক্রিয়া নিয়েই বোর্ডের কাছে আপত্তি তোলেন নাজমুল ইসলাম—এমন তথ্যও জানা গেছে।

বোর্ডের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শোকজের জবাব না এলে বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, মাঠে ফেরার আগে ক্রিকেটারদের প্রধান দাবি ছিল এম নাজমুল ইসলামের পদত্যাগ। তবে বোর্ড জানিয়েছিল, শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সে অনুযায়ী ক্রিকেটারদের ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয় এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও জবাব না দেওয়ায় বোর্ডের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অর্থ বিভাগের চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং শোকজ জারি—এই দুটি ঘটনাই দেশের ক্রিকেটে নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন প্রশ্ন উঠছে, শোকজের জবাব না দেওয়ার পর বিসিবি কী ধরনের কঠোর পদক্ষেপ নেয়—সেটিই দেখার বিষয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন