ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ শিশুদের অনলাইন নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি নিচ্ছে। মূলত ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য এই ফিচার, যার মাধ্যমে অভিভাবকরা সন্তানদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নজর রাখতে পারবেন।
সংবাদমাধ্যম ও জনপ্রিয় টিপস্টার ওয়েবিটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারটি এখনো অভ্যন্তরীণ পর্যায়ে তৈরি হচ্ছে। ধাপে ধাপে এটি হোয়াটসঅ্যাপের বিটা ইউজারদের জন্য চালু হতে পারে। এই উদ্যোগের লক্ষ্য, শিশুদের স্ক্যামার বা সন্দেহজনক ব্যবহারকারীর কাছ থেকে সুরক্ষা নিশ্চিত করা।
ফিচারের মাধ্যমে অভিভাবকরা সরাসরি চ্যাটের বিষয়বস্তু পড়তে পারবেন না। তবে তারা দেখতে পারবেন সন্তানের অ্যাকাউন্টে কে কে যোগাযোগ করছে, কোন প্রাইভেসি সেটিংস ব্যবহার হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে পারবেন। এছাড়া কন্ট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই শিশুদের মেসেজ বা কল করতে পারবে।
শিশুদের প্রোফাইল ছবি, লাস্ট সিন এবং ‘অ্যাবাউট’ তথ্য কারা দেখতে পারবে, তা নিয়ন্ত্রণের সুযোগও থাকবে। এভাবে শিশুরা অপরিচিত লিঙ্কে ক্লিক করা বা অচেনা ব্যক্তির সঙ্গে চ্যাট করার ঝুঁকি কমবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকায় চ্যাট কনটেন্ট হোয়াটসঅ্যাপও পড়তে পারবে না। নতুন পেরেন্টাল কন্ট্রোল ফিচার সেই গোপনীয়তা রক্ষা করে শিশুদের ডিজিটাল নিরাপত্তা আরও বাড়াবে।

