ইসলামী আন্দোলন ১১ দলীয় জোট ত্যাগ করায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে না—এই আশ্বাসে কোনো অসংগতি নেই।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জামায়াতের কথার মূল অর্থ হলো, বর্তমান নির্বাচনী ও সাংবিধানিক প্রক্রিয়ায় ধাপে ধাপে এগোতে হবে। একদিনে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব নয়।”
ইসলামী আন্দোলনের জোট ত্যাগের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না জানতে চাইলে মাওলানা মামুনুল হক বলেন, “এতে কোনো ষড়যন্ত্র নেই। যারা একসাথে নির্বাচন করতে পারেনি, সেটি তাদের ব্যর্থতা।”
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের সরে যাওয়ায় আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়বে না। ফাঁকা থাকা ৪৭টি আসন ১০ দলের সমঝোতার ভিত্তিতে বণ্টন করা হবে। “যে আসনে কোন দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী মনে হবে, তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন,” বলেন তিনি।
এ বিষয়ে সাংবাদিকদের আরও প্রশ্নে মাওলানা মামুনুল হক জানান, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের সঙ্গে আর কোনো আসন সমঝোতার সম্ভাবনা নেই, তবে রাজনৈতিক সমঝোতা হতে পারে। তিনি জোর দেন, খেলাফত মজলিস দল ঠিক পথে আছে এবং অন্য দলের অনুভূতিকে সম্মান জানানো হবে।

