সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ব্যালটের ভাঁজে ধানের শীষ ইস্যুতে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও

ডেস্ক রিপোর্ট।।

পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজে রাখার অভিযোগসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসিকে পক্ষপাতদুষ্ট আচরণ থেকে সরে আসার আহ্বান জানানো হয়। নেতাকর্মীদের অভিযোগ, বিদেশে প্রেরিত পোস্টাল ব্যালটে পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীক ভাঁজের অংশে রাখা হয়েছে, ফলে ব্যালট খোলার সময় প্রতীকটি স্পষ্টভাবে দৃশ্যমান হয় না। বিপরীতে অন্য একটি প্রতীক এমনভাবে রাখা হয়েছে যাতে ব্যালট ভাঁজ করলেই সেটি প্রথমে চোখে পড়ে।

অবস্থান কর্মসূচিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি দাবি করেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে ইসি স্বাধীন ও যৌক্তিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন নজিরবিহীন ও বিতর্কিত। এতে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ছাত্রদল নেতারা অবিলম্বে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন