সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং ৭ অক্টোবরের হামাস হামলার স্বাধীন তদন্তের দাবিতে রাজধানী তেল আবিবের রাজপথে নেমেছেন হাজারো মানুষ।
রোববার (১৮ জানুয়ারি) দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলা ও এর পরবর্তী গাজা যুদ্ধ নিয়ে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই হামলার দায় স্বীকার করতে কিংবা ঘটনার সুষ্ঠু তদন্তে উদ্যোগ নিতে অস্বীকৃতি জানাচ্ছে নেতানিয়াহু সরকার।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন ইসরায়েলের পতাকা গায়ে জড়িয়ে, হাতে নেতানিয়াহুবিরোধী পোস্টার ও ব্যঙ্গাত্মক মুখোশ পরে স্লোগান দেন। অনেককে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা ও কার্টুনচিত্র বহন করতেও দেখা যায়।
এ সময় হামাসের হাতে জিম্মি থাকা শেষ ইসরায়েলি নাগরিকের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানান বিক্ষোভকারীরা। তাদের মতে, সরকারের ব্যর্থতার কারণেই ইসরায়েল আজ নিরাপত্তাহীনতার মুখে পড়েছে।
বিক্ষোভকারীরা বলছেন, হামাসের হামলা ও যুদ্ধ শুরুর পেছনের রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ব্যর্থতা প্রকাশ্যে আনতে স্বাধীন তদন্ত ছাড়া প্রকৃত সত্য জানা সম্ভব নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

