সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

ডেস্ক রিপোর্ট।।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিচারিক কাজে বাধা এবং ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। এ বিষয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকারের স্বাক্ষরিত চিঠিটি শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। চিঠিতে অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল স্থাপন করে বিশাল জনসমাবেশ আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। অভিযোগে বলা হয়, ওই সময় ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনসহ আঙুল উঁচিয়ে হুমকিসূচক ভঙ্গি করেন।

চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া মারমুখী আচরণ করেন, যার ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এতে বিচারিক কাজে বাধা সৃষ্টি এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

অভিযোগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর লিংকও চিঠিতে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন