রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড

ডেস্ক রিপোর্ট।।

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অবস্থান এখনও অপরিবর্তিত থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনলাইন ও অফলাইনে একাধিক বৈঠক হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

গত শনিবার ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টির সুরাহা হয়নি। এর মধ্যেই ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসি।

এ অবস্থায় সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। জানা গেছে, আগামী ২১ জানুয়ারি বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত প্রায় তিন সপ্তাহ ধরে এ নিয়ে আলোচনা চললেও ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকির কথা জানানো হয়নি। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না চায়, তাহলে বিকল্প দল খুঁজতে বাধ্য হবে আইসিসি।

সেক্ষেত্রে আইসিসির র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে ২১ জানুয়ারি বিসিবির চূড়ান্ত অবস্থানের ওপর। সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। এছাড়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের মাটিতে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন