সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার বিচার দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীতে জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
নাছির উদ্দিন বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অবশ্যই দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত হওয়া উচিত। তিনি দাবি করেন, আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে ওপেন সিক্রেট এবং এর বিচার দেশের মাটিতেই হবে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছেন, যা সাধারণ মানুষ জানে।
এদিকে পোস্টাল ব্যালটসহ বিভিন্ন অভিযোগে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
নাছির উদ্দিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নতুন বাংলাদেশের স্বপ্নের সঙ্গে জামায়াত-শিবির বা রাজাকারদের ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র তারা মেনে নেবেন না। পোস্টাল ব্যালটের নামে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগও করেন তিনি।
তিনি দাবি করেন, আগামীর ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে।
ছাত্রদল জানায়, তারা তিনটি প্রধান দাবিতে আন্দোলন করছে—পোস্টাল ব্যালট সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার, রাজনৈতিক চাপমুক্ত ও নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে জারি করা বিতর্কিত প্রজ্ঞাপন বাতিল।

