বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

তৃতীয় বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট।।

নেত্রকোনার পূর্বধলায় স্বামী রুক্কু মিয়া হত্যা মামলায় স্ত্রী রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। নিহত রুক্কু মিয়া (৩৮) একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার নথি অনুযায়ী, রুক্কু মিয়া একাধিক বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। তবে পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় বিয়ে করার পর দীর্ঘদিন ধরে তিনি প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিচ্ছিলেন না।

এই পারিবারিক বিরোধের জেরে ২০২১ সালের ১৪ মে ঈদের দিন সন্ধ্যায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন রুক্কু মিয়া। ওই সময় রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন বলে আদালতে প্রমাণিত হয়।

ঘটনার পর নিহতের ভাই মো. আসান মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উপস্থাপিত প্রমাণ মূল্যায়ন করে আদালত এ রায় ঘোষণা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন