নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্টদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর ইসির সামনে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে সমাপ্ত করেছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ব্যালট পেপার সংক্রান্ত অনিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিনটি অভিযোগ তুলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে বৈঠক করেন ছাত্রদল নেতারা। বৈঠকে অভিযোগগুলো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
কর্মসূচি সমাপ্তির ঘোষণা দিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ইসির পক্ষ থেকে তাদের উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও আলোচনার আশ্বাসের প্রেক্ষিতেই আপাতত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন যদি জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে বা নির্বাচন কমিশনকে প্রভাবিত করার উদ্যোগ নেয়, তাহলে ছাত্রদল চুপ থাকবে না। দুই দিনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদল তাদের সক্ষমতা দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাকিব আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে। তিনি বলেন, “যেসব ষড়যন্ত্রের কারণে আমাদের টানা দুই দিন এখানে অবস্থান করতে হয়েছে, তাদের বিষয়ে আমরা সতর্ক থাকবো। ভবিষ্যতে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা অপতৎপরতা দেখা দিলে সঙ্গে সঙ্গে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ইসির সঙ্গে আলোচনার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
