সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শিবিরের ‘সি’ টিমের কাজ অনলাইনে সারাদিন গালিগালাজ করা: ছাত্রদল সভাপতি

ডেস্ক রিপোর্ট।।

ইসলামি ছাত্র শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, শিবির এ টিম, বি টিম ও সি টিম ভাগ করে সংগঠিতভাবে কাজ করলেও বর্তমানে তাদের সেই সাংগঠনিক সক্ষমতা নেই।

সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টাল ব্যালটে পক্ষপাতসহ তিনটি দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদল। এ সময় রাকিব বলেন, শিবির বিভিন্ন নামে ও পরিচয়ে অনলাইনে ও মাঠে সক্রিয় থাকার চেষ্টা করছে। তার ভাষায়, “তারা একদিকে নিজেদের নিরপেক্ষ ও সুশীল হিসেবে তুলে ধরছে, অন্যদিকে গোপনে অপপ্রচার চালাচ্ছে।”

ছাত্রদল সভাপতি দাবি করেন, ‘শিবিরের এ টিমের এক ধরনের কাজ, বি টিমের এক ধরনের কাজ এবং সি টিমের এক ধরনের কাজ। তারা অনলাইনে নিরপেক্ষ ও সাধু সেজে গালিগালাজ করেন। নামে-বেনামে ছাত্রদলকে প্রতিদিন ঘায়েল করাই তাদের কাজ। ডাকসুতে দেখেছি তাদের এ টিম, বি টিম ও সি টিমের প্রকাশ্যে সংখ্যা ৪০ থেকে ৫০ জন। বি টিম যারা আছে তারা সুশীল সাজবে ক্ষেত্র বিশেষে নিরপেক্ষ সাজবে। তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, সিগারেট কোম্পানির স্পন্সর নিয়ে কনসার্টও করবেন।’

তিনি আরও অভিযোগ করেন, শিবিরের কিছু নেতা-কর্মী ভদ্রতার মুখোশ পরে কাজ করলেও তাদের কার্যক্রম সংগঠিত ও পরিকল্পিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে তারা চরিত্রহননমূলক রাজনীতিতে যুক্ত বলে দাবি করেন রাকিব।

অভিজ্ঞতার আলোকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ওই সংগঠনে নেতৃত্বে আসতে হলে প্রপাগান্ডা ও অপপ্রচারের মধ্য দিয়েই যেতে হয়। কীভাবে মানুষকে হেয় করতে হয়, সেটিই সেখানে রাজনৈতিক প্রশিক্ষণের অংশ।”

সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়া বা গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করার চেষ্টা হলে ছাত্রদল তা প্রতিহত করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন