খাদ্য নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৫৭ হাজার ২০৩ টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত দুটি গম আমদানিচুক্তির আওতায় ইতোমধ্যে জিটুজি-১ চুক্তির সম্পূর্ণ গম দেশে এসেছে। ওই চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।
এদিকে জিটুজি-২ চুক্তির আওতায় এটি দ্বিতীয় চালান। এ চুক্তির অধীনে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগে গত মাসে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে আসে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ চালানে আসা ৫৭ হাজার ২০৩ টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
এদিকে জাহাজে থাকা গমের গুণগত মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাস করে সরকারি গুদামে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
