সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ক্ষমতার পেছনে দৌড়ানো নয়, ঈমান রক্ষাই মুসলমানের জন্য ফরজ: ছারছীনার পীর

ডেস্ক রিপোর্ট।।

ছারছীনা দরবারের পীর ও আমিরে হিযবুল্লাহ শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, ক্ষমতার পেছনে দৌড়ানো ফরজ নয়, ভোট দেওয়া ফরজ নয়, একজন মুসলমানের জন্য 
ফরজ হলো ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করা।

রোববার (১৮ জানুয়ারি) পটুয়াখালীতে অনুষ্ঠিত হিযবুল্লাহর সম্মেলনে আমির বলেন, ইসলাম সর্বপ্রথম মানুষের ঈমান রক্ষার নির্দেশ দেয়। রাষ্ট্রক্ষমতা, নির্বাচন বা রাজনৈতিক স্বার্থের নামে যদি কোনো পথ ঈমানের মৌলিক আদর্শকে ক্ষতিগ্রস্ত করে, তবে সেই পথ পরিহার করাই মুমিনের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, “ঈমান বাঁচলে সব বাঁচে, ঈমান হারালে কিছুই বাঁচে না।”

তিনি আরও বলেন, ক্ষমতা বা রাজনীতি কখনো ঈমানের উপর অন্ধভাবে ছোঁড়া উচিত নয়। মুসলমানদের দায়িত্ব হলো হক ও বাতিল চিনে সঠিক পথ অবলম্বন করা। যারা আল্লাহ ও রাসূল (সা.)-এর পথে মানুষকে বিভ্রান্ত করে, তাদের আহ্বানে সাড়া দেওয়া উচিত নয়, তা রাজনীতি, ক্ষমতা বা আবেগের আড়ালে হলেও।

হিযবুল্লাহর প্রধান আরও সতর্ক করেন, বর্তমান সময় মুসলমানদের জন্য পরীক্ষা সময়। স্বার্থান্বেষী রাজনীতি ও বিভ্রান্তিকর প্রচারণা ঈমানকে আঘাত করছে। তাই হুজুগে না মেটে কুরআন-সুন্নাহভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে হিযবুল্লাহর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাশায়েখ এবং বিভিন্ন জেলা থেকে আগত বিপুলসংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও হেফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন