সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি: কড়াইলে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণের রাজনীতি করতে চান। নিজেকে সাধারণ মানুষের সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের পাশে থেকেই কাজ করতে চান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি কড়াইল এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার শাসনামলে নারীদের শিক্ষা ও উন্নয়নে নানা বিনামূল্যের উদ্যোগ নিয়েছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়েছে।

তিনি বলেন, “আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান—এ পরিচয় যেমন সত্য, তেমনি সবচেয়ে বড় পরিচয় হলো আমি আপনাদেরই সন্তান। বাংলাদেশের মানুষের জন্যই আমি রাজনীতি করি।”

দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে দেশের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে একসঙ্গে হাত তোলার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, নারীদের স্বাবলম্বী করা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। একই ব্যবস্থার আওতায় কৃষকদের জন্যও বিশেষ কার্ড প্রদানের পরিকল্পনার কথা জানান তিনি।

করাইল বস্তির শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, এখানকার সন্তানেরা যেন বিদেশি ভাষা শিখতে পারে এবং মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

আবাসন সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, কড়াইলবাসীর বসবাস নিশ্চিত করতে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে এলাকায় একটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় তার একসময়ের বাসভবন যেভাবে ভেঙে দেওয়া হয়েছিল, তা তিনি ভুলে যাননি। সেই অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষের কষ্ট তিনি গভীরভাবে অনুভব করেন।

বক্তব্যের শেষাংশে তারেক রহমান মহান মুক্তিযুদ্ধ এবং ‘২৪-এর আন্দোলনে’ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে কড়াইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, জনগণের সমর্থন ও আল্লাহর রহমত পেলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন