নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশকে ভারত তাদের কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে চিহ্নিত করেছে। এর ফলে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে স্থানীয় একাধিক গণমাধ্যম এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, উগ্রপন্থি ও চরমপন্থি গোষ্ঠীর সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় নয়াদিল্লি এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেয়।
হিন্দুস্তান টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, ঢাকার হাইকমিশনসহ চারটি সহকারী হাইকমিশন আগের মতোই খোলা থাকবে এবং পূর্ণ সক্ষমতায় কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।
কূটনীতিকদের পরিবারের সদস্যরা কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ভারতীয় কূটনৈতিক ব্যবস্থায় একটি কঠোর নিরাপত্তা পদক্ষেপ হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানকে আরও কঠোর ‘নো চিলড্রেন’ পোস্টিং হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে কর্মকর্তাদের স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের বসবাসের অনুমোদন নেই।

