রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাজশাহীর বাঁচা–মরার ম্যাচে নামতে ঢাকায় কেন উইলিয়ামসন

ডেস্ক রিপোর্ট।।

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। বুধবার (আজ) সকাল ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাজধানীতে অবতরণ করেন তিনি। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

চলমান বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে পরাজিত হয় রাজশাহী ওয়ারিয়র্স। ফলে ফাইনালে ওঠার শেষ সুযোগ হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে দলটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখেই উইলিয়ামসনকে দলে ভিড়িয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

এবারের আসরে লিগ পর্বে টেবিলের শীর্ষে থেকে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে রাজশাহী। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পরও প্রথম সুযোগে ফাইনালের টিকিট নিশ্চিত করতে না পারায় এখন দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে মরিয়া দলটি।

উল্লেখ্য, কেন উইলিয়ামসনকে দলে অন্তর্ভুক্ত করতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকায় এতদিন বাংলাদেশে আসতে পারেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন