ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশের ফাজিল (অনার্স) পর্যায়ে নতুন বিভাগ হিসেবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। সভায় বিশ্ববিদ্যালয় ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন বিভাগ চালু প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম বলেন, সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষার প্রসারে মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও বাস্তবমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীদের শুধু আলেম হিসেবে নয়, বরং দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের নতুন বিভাগ চালুর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (অনার্স) পর্যায়ে ছয়টি বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। নতুন বিভাগ যুক্ত হওয়ায় অনার্স পর্যায়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে সাতটি।
নতুন এ সিদ্ধান্ত মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

