সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোয় বেতন বৃদ্ধি করা হচ্ছে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে ২০তম ধাপে সর্বনিম্ন বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০ হাজার টাকা এবং প্রথম ধাপে সর্বোচ্চ বেতন হতে পারে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই বেতনধাপ থাকছে মোট ২০টি।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, নতুন বেতনকাঠামো প্রণয়নের সময় অনলাইনে পরিচালিত জরিপে প্রায় ২ লাখ ৩৬ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এসব সুপারিশ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। পূর্ণাঙ্গভাবে এটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।
বেতন কমিশনের সুপারিশে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি যাতায়াত ভাতা পাওয়ার পরিসর বাড়িয়ে তা ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে, যা আগে ছিল ১১তম থেকে ২০তম ধাপ পর্যন্ত সীমিত।
এছাড়া কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনেও বড় ধরনের বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। মাসিক ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন বাড়তে পারে প্রায় ১০০ শতাংশ। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
বয়স্ক পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া ৫৫ বছরের কম বয়সীদের জন্য চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
নতুন কাঠামোয় বাড়িভাড়ার ক্ষেত্রেও ধাপভিত্তিক পার্থক্য রাখা হয়েছে। প্রথম থেকে ১০ম ধাপে বাড়িভাড়া তুলনামূলক কম এবং ১১তম থেকে ২০তম ধাপে তুলনামূলক বেশি রাখার সুপারিশ করা হয়েছে।
বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর পর সামরিক ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশন গঠনের বিষয়টিও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

