ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালায়, তাহলে ইরান সর্বস্ব দিয়ে পাল্টা প্রতিহত করবে। তিনি বলেন, এ ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর কোনো সীমাবদ্ধতা থাকবে না।
মধ্যপ্রাচ্যে ইরানি রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন এবং যুক্তরাষ্ট্রের হামলার গুঞ্জন তীব্র হওয়ার পর ওয়াল স্ট্রিট জার্নালের এক মতামত কলামে এই মন্তব্য করেছেন আরাগচি। তিনি লিখেছেন, “২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছে, এবার তা থাকবে না। নতুন কোনো হামলার শিকার হলে আমরা শক্তিশালীভাবে পাল্টা প্রতিহত করব।”
আরাগচি আরও বলেছেন, তার এই বক্তব্য হুমকি নয়, এটি বাস্তবতা। তিনি বলেন, “একজন কূটনীতিক এবং সাবেক সেনা হিসেবে আমি যুদ্ধকে ঘৃণা করি, তাই আগে থেকেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া উচিত।”
তিনি উল্লেখ করেন, একটি সর্বাত্মক যুদ্ধ হলে তা দীর্ঘ ও তীব্র হবে এবং শুধুমাত্র ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার মতে, এই যুদ্ধ পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে এবং বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে।
গত বছরের জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায় এবং ১২ দিন ধরে চলা সংঘর্ষে যুক্তরাষ্ট্রও সরাসরি অংশ নেয়। ওই সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কায় আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা বাড়ছে।

