নিজেকে হত্যার চেষ্টা করা হলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকেই নিশ্চিহ্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন, “আমার জন্য খুব স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। আমার সঙ্গে যদি কিছু ঘটে, তাহলে তারা ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে।” তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা বা শর্ত নেই।
ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চরম আকার ধারণ করেছে। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন উঠলে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবোলফাজল শেখারচি ট্রাম্পকে হত্যার হুমকি দেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে শেখারচি বলেন, “ট্রাম্প জানেন, আমাদের নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাত কেটে ফেলব না। আমরা পুরো বিশ্বকেই আগুনে জ্বালিয়ে দেব এবং এই অঞ্চলে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।”
বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ নেতৃত্বকে ঘিরে প্রকাশ্য হুমকি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। উভয় পক্ষই সতর্ক করে দিয়েছে—নেতৃত্বের ওপর কোনো হামলা হলে তার জবাব হবে সর্বাত্মক ও ভয়াবহ।
এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও চরম অস্থির। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের মুখে পড়েছে তেহরান। সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, সরকার কঠোরভাবে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করায় প্রকৃত মৃত্যুর সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত চার হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। তবে নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস বলছে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

