সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

জামায়াতের জোট ছাড়ায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের

ডেস্ক রিপোর্ট।।

নির্বাচনের আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদাভিত্তিক ইসলামপন্থিদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তারা মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছে।

বিবৃতিতে তিনি বলেন, ঈমান ও আকিদার প্রশ্নে আপস করে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে আমরা শুরু থেকেই সতর্ক করে আসছিলাম। আলহামদুলিল্লাহ, সেই অবস্থান থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীন ও একক রাজনৈতিক পথচলা শুরু করায় আমরা বিশেষভাবে আনন্দিত।

আল্লামা বাবুনগরী বলেন, ইসলামী রাজনীতিতে হকপন্থিদের জন্য একটি স্বতন্ত্র ও পরিষ্কার রাজনৈতিক অবস্থান অত্যন্ত জরুরি ছিল। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে ইসলামপন্থি রাজনীতির জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় থাকলে দেশের ইসলামপন্থি আন্দোলনের বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। সেই ঝুঁকি থেকে বেরিয়ে আসার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে হেফাজতের আমির স্পষ্ট করে বলেন, হেফাজতে ইসলাম বরাবরের মতো আসন্ন নির্বাচনেও কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না।

তিনি আশা প্রকাশ করেন, জনগণ প্রকৃত ইসলামপন্থি ও সহিহ আকিদাভিত্তিক রাজনীতিকে ধারণকারী দলগুলোকেই ভোট দেবে। একই সঙ্গে তিনি ইসলামের নামে মওদুদীবাদ ও ভ্রান্ত আকিদার অনুসারীদের বর্জনের আহ্বান জানান।

আল্লামা বাবুনগরী আরও বলেন, আগামী নির্বাচনে ওলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে একই পথে এগিয়ে যাবেন—এমন প্রত্যাশা তিনি রাখেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন