হলিউড তারকা নিক জোনাস যে শুধু প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নন, বরং ভারতীয় সংস্কৃতিরও একনিষ্ঠ ভক্ত—তা আবারও প্রমাণ করলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নিকের একটি ভিডিও, যেখানে তাকে দেখা যায় সকালের নাস্তায় খাসা ক্রিসপি দোসা উপভোগ করতে করতে বলিউডের আইকনিক গান ‘তেরি দুলহান সাজাওঙ্গি’-এর তালে তালে মেতে উঠতে।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে নিক লিখেছেন, “যখন ব্রেকফাস্ট বাফেতে দোসা থাকে”। ক্যাপশনে তিনি আরও যোগ করেন, “এই গানটা সত্যিই হিট।” ভিডিওতে নিকের স্বচ্ছন্দ অভিব্যক্তি ও ভারতীয় খাবারের প্রতি ভালোবাসা নেটিজেনদের মন জয় করেছে।
ভিডিওটি দেখে প্রিয়াঙ্কা চোপড়াও নিজেকে ধরে রাখতে পারেননি। হাসির ইমোজি যোগ করে তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন। অভিনেত্রীর সেই প্রাণখোলা হাসি মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের।
নিক জোনাসের এই ‘দেশি’ রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, “অনেক ভারতীয়র থেকেও নিক এখন বেশি ভারতীয়।” আরেকজন মজা করে মন্তব্য করেছেন, “এই কারণেই তো আমরা তাকে ন্যাশনাল জিজু বলি।”
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বারসাত’-এর এই গানটি সম্প্রতি নতুন করে ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে। প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু ও ববি দেওলের অভিনীত এই গানের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করছেন অসংখ্য নেটিজেন।
ডিজনি যুগের পপস্টার নিক জোনাস যে একদিন দোসা খেতে খেতে বলিউড গানে মেতে উঠবেন—এমন প্লট টুইস্ট সত্যিই ইন্টারনেটকে চমকে দিয়েছে।

