রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

উইন্ডোজ ১১ আপডেটে নতুন সমস্যার উদ্ভব

ডেস্ক রিপোর্ট।।

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক ব্যবহারকারীর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আপডেটের পর কিছু কম্পিউটার শাটডাউন হচ্ছে না, আবার হাইবারনেশন মোডও সঠিকভাবে কাজ করছে না।

উদ্ভূত সমস্যার প্রেক্ষিতে মাইক্রোসফটকে বাধ্য হয়ে জরুরি আউট-অফ-ব্যান্ড (OOB) আপডেট প্রকাশ করতে হয়েছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এটিকে “প্যাচ আফটার দ্য প্যাচ” সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ, নতুন আপডেট দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও সেই আপডেট নিজেই নতুন সমস্যা সৃষ্টি করেছে।

প্রতিবেদনে জানা গেছে, সমস্যাটি মূলত উইন্ডোজ ১১-এর ২৩এইচ২ সংস্করণ, বিশেষ করে এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে বেশি লক্ষ্য করা গেছে। আপডেটের পর শাটডাউন ও হাইবারনেশন মোড ছাড়াও রিমোট ডেস্কটপ সংযোগ ও লগইন অথেন্টিকেশনেও সমস্যা দেখা দিয়েছে।

মাইক্রোসফট তাদের উইন্ডোজ বার্তাকেন্দ্রে স্বীকার করেছে, জানুয়ারির আপডেটের পর এই ত্রুটি শনাক্ত হয়। সমস্যা সমাধানে প্রকাশিত আউট-অফ-ব্যান্ড আপডেটে (KB সিরিজ) শাটডাউন সমস্যা সমাধান করা হয়েছে। বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছেন, “যারা জানুয়ারির আপডেট ইনস্টল করেছেন এবং সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা দ্রুত সর্বশেষ KB আপডেট ডাউনলোড ও ইনস্টল করুন। এতে কম্পিউটারের পারফরম্যান্স স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।”

মাইক্রোসফটের অনুসারে, এই সমস্যার প্রভাব শুধুমাত্র উইন্ডোজ ১১-এ নয়, উইন্ডোজ ১০ এবং সার্ভার-২০২৫ সংস্করণেও কিছু ক্ষেত্রে দেখা গেছে। কোম্পানি আশা করছে, নতুন প্যাচের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন