সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ ‘ভিত্তিহীন অপপ্রচার’: জামায়াত নেতার বক্তব্য প্রত্যাখ্যান বিএনপির

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের তোলা অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। একই সঙ্গে ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়েছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেছে দলটি।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।

সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি চেয়ারম্যানকে ইঙ্গিত করে ভারতের সঙ্গে তিনটি চুক্তির অভিযোগ তোলেন। এ প্রসঙ্গে মাহদী আমীন বলেন, ওই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং ভবিষ্যতেও তা উপস্থাপন করা সম্ভব নয়। তিনি বলেন, যেসব সংবাদমাধ্যমের বরাত দেওয়া হচ্ছে, সেসব তথ্যের কোনো বাস্তবতা বা সত্যতা নেই।

মাহদী আমীন বলেন, “এটি হয় রাজনৈতিক বিতর্ক তৈরির উদ্দেশ্যে একটি অপকৌশল, নয়তো ভুল তথ্যের ভিত্তিতে করা বক্তব্য। যে কারণই হোক, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার।”

তিনি আরও বলেন, বিএনপি ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাস করে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অপপ্রচার ও অপরাজনীতির কোনো স্থান নেই। “বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের রাজনীতির কেন্দ্রে রয়েছে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়ন,”—যোগ করেন তিনি।

দলের অতীত অবস্থান তুলে ধরে মাহদী আমীন বলেন, তিস্তা ও পদ্মা নদীর ন্যায্য পানির দাবিতে বিএনপি ধারাবাহিক আন্দোলন করেছে। সীমান্তে ফেলানি হত্যার ঘটনার পর প্রথম প্রতিবাদও বিএনপিই জানিয়েছিল।

তিনি বলেন, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির বাইরে এসে দেশের সার্বভৌমত্ব রক্ষাই বিএনপির মূল দর্শন।”

নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারের অংশ হিসেবে বিএনপি নির্বাচনসংক্রান্ত তথ্য প্রদান ও অভিযোগ গ্রহণের জন্য ‘ইলেকশন হটলাইন’ ১৬৫৪৩ এবং একটি নতুন হোয়াটসঅ্যাপ নম্বর (০১৮০৬৯৭৭৫৭৭) চালু করেছে বলেও জানান মাহদী আমীন।

এ সময় তিনি সতর্ক করে বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে একটি প্রতারক চক্র কিছু এলাকায় অর্থ আদায়ের চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে এবং রাষ্ট্রীয় উদ্যোগে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে কেউ প্রতারণার শিকার হলে দলকে অবহিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন