বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, পথসভা শুরুর কিছুক্ষণ আগে ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চেয়ার ভাঙচুরসহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. রেজাউল করিম বলেন, বিএনপির ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারির নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন কর্মী পথসভার ঠিক আগমুহূর্তে হামলা চালায়। এতে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয় এবং জামায়াতের কয়েকজন কর্মী আহত হন বলে তিনি দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলী বলেন, আমরা গণতন্ত্র ও আচরণবিধি মেনে পথসভা করতে চেয়েছিলাম। কিন্তু প্রতিপক্ষ সেই সহনশীলতা দেখায়নি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, দুই দলের অফিস পাশাপাশি হওয়ায় ভুল বোঝাবুঝি থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি দাবি করেন, জামায়াতের এক কর্মী বিএনপির অফিসে জ্বালানো লাইটের ছবি তুলছিলেন, যা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন