পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় এক ডজন মানুষ। শুক্রবার আফগানিস্তান সীমান্তসংলগ্ন দেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেরা ইসমাইল খান জেলার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে সেখানে অবস্থান করা স্থানীয় শান্তি কমিটির সদস্যদের লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়।
পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, আহতদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তিনি আরও বলেন, শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের সমন্বয়ে গঠিত। আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিবাদ মোকাবিলায় পাকিস্তান সরকারের উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করে আসছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে আফগান সীমান্তের দুই পাশে সক্রিয় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর আগেও শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়ে হামলার হুমকি দিয়েছিল।
উল্লেখ্য, পাকিস্তানি তালেবান দেশটির অন্যতম সক্রিয় সুন্নিপন্থি জঙ্গিগোষ্ঠী। ১৯৯৭ সাল থেকে তারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তে কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
এদিকে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান তালেবান পাকিস্তানি জঙ্গিদের আফগান ভূখণ্ড ব্যবহার করে হামলার পরিকল্পনায় সহায়তা করছে। তবে কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
ক্রমবর্ধমান জঙ্গি হামলার কারণে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

