রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত দেশটিকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হয়। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। তবে বিসিবি তাদের আগের অবস্থানে অনড় থাকায় শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে অংশ নেবে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের প্রতিপক্ষ থাকবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপের শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্ত বোর্ড সদস্যদের কাছে একটি চিঠির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানানোয় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।

একই সঙ্গে ক্রিকেট স্কটল্যান্ডের কাছেও ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।

এর আগে শুক্রবার দুবাইয়ে আইসিসির একটি বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা হয়। বৈঠকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেন। এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আবেদন করলেও তা খারিজ হয়ে যায় এবং আইসিসির আগের সিদ্ধান্তই বহাল থাকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন