স্মার্টফোনের ক্যামেরা মানেই শুধু ছবি তোলা বা ভিডিও ধারণ—এমন ধারণা এখন পুরোনো। আধুনিক ফোনের ক্যামেরা দৈনন্দিন জীবনের নানা ছোট-বড় সমস্যার সহজ সমাধান দিতে পারে, যা অনেকেই জানেন না।
রিমোট ঠিক আছে নাকি নষ্ট—মুহূর্তেই বুঝুন
টিভি বা এসির রিমোট হঠাৎ কাজ না করলে সমস্যাটা কোথায়, তা বুঝতে ফোনের ক্যামেরাই যথেষ্ট। রিমোটটি ক্যামেরার সামনে ধরে বোতাম চাপলে আইআর ব্লাস্টার থেকে নীল বা বেগুনি আলো দেখা গেলে বোঝা যাবে রিমোট ঠিক আছে। আলো না দেখালে ব্যাটারি বা রিমোটে সমস্যা থাকতে পারে।
ছোট লেখা পড়তে ক্যামেরাই ম্যাগনিফায়ার
ওষুধের প্যাকেট, ইলেকট্রনিক যন্ত্রাংশ বা ক্ষুদ্র অক্ষরের লেখা পড়তে ফোনের ক্যামেরা কার্যত ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। জুম ও অটোফোকাস ব্যবহার করে সহজেই লেখা স্পষ্টভাবে দেখা যায়। প্রয়োজনে ফ্ল্যাশ অন করলে আরও ভালো ফল পাওয়া যায়।
স্কেল ছাড়াই মাপ নেওয়ার সুবিধা
হঠাৎ কোনো জিনিসের মাপ দরকার কিন্তু স্কেল নেই—এমন পরিস্থিতিতে ক্যামেরাভিত্তিক মাপ নেওয়ার অ্যাপ কাজে আসে। আইফোনের ‘Measure’ অ্যাপ কিংবা অ্যান্ড্রয়েডের বিভিন্ন অ্যাপ দিয়ে দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা সহজেই নির্ণয় করা সম্ভব।
অচেনা ভাষার লেখাও আর সমস্যা নয়
ভ্রমণের সময় বিদেশি ভাষার সাইনবোর্ড বা মেনু বুঝতে না পারলে ক্যামেরা দিয়েই সমাধান মিলবে। গুগল ট্রান্সলেটের মতো অ্যাপে ক্যামেরা দিয়ে লেখা স্ক্যান করলেই তা রিয়েল-টাইমে নিজের ভাষায় অনুবাদ হয়ে যায়।
যেকোনো জিনিস চেনার সহজ উপায়
কোনো অজানা বস্তু, পোশাক, জুতো বা ঘড়ি সম্পর্কে জানতে চাইলে গুগল লেন্স ব্যবহার করা যেতে পারে। ক্যামেরায় ছবি তুললেই সেটি কী, কোথায় পাওয়া যায় এবং দাম কেমন—এসব তথ্য দ্রুত দেখায়।
স্ক্যানার ছাড়াই ডকুমেন্ট স্ক্যান
গুরুত্বপূর্ণ কাগজপত্র স্ক্যান করার জন্য আলাদা যন্ত্রের প্রয়োজন নেই। স্মার্টফোন ক্যামেরা দিয়েই ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ বানানো যায় এবং সহজেই ই-মেইল বা মেসেজে পাঠানো সম্ভব।
সব মিলিয়ে বলা যায়, স্মার্টফোন ক্যামেরা এখন শুধু ছবি তোলার যন্ত্র নয়—দৈনন্দিন জীবনের বহু সমস্যার কার্যকর সমাধানও বটে।

