বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন কেবল প্রতীকী রাজনৈতিক সম্পৃক্ততায় সীমাবদ্ধ থাকতে চায় না; তারা বাস্তব প্রভাব, জবাবদিহিতা ও স্বচ্ছতার মাধ্যমে দেশের পরিবর্তন দেখতে চায়—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জাইমা রহমান লেখেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল-মেকিং প্রতিযোগিতার সাক্ষাৎকার পর্বে তরুণ বিজয়ীদের সঙ্গে কথা বলে তিনি তাদের দেশের প্রতি আশা, স্বপ্ন ও উদ্বেগের গভীরতা উপলব্ধি করেছেন। একই প্রজন্মের মানুষ হিসেবে তাদের দৃষ্টিভঙ্গি তার কাছে অত্যন্ত পরিচিত ও বোধগম্য বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, তরুণরা এমন একটি নতুন ব্যবস্থা চায়, যেখানে নীতি নির্ধারণ হবে মেধা ও চিন্তার ভিত্তিতে। তারা প্রতীকী অংশগ্রহণ নয়, বরং এমন প্রভাব চায় যা জবাবদিহিতা, স্বচ্ছতা ও নীতির মাধ্যমে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। জাইমা রহমানের ভাষায়, নির্দিষ্ট কিছু মানুষের দ্বারা বারবার নির্ধারিত ভবিষ্যৎ কখনো টেকসই হয় না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান সবসময় খোলামেলা আলোচনা ও নতুন আইডিয়া বিনিময়ের ওপর গুরুত্ব দেন। এমন একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতাকে তরুণ ও সৃজনশীল মননের সঙ্গে সম্পৃক্ত হতে দেখা তার কাছে অর্থবহ বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের পর তারেক রহমান তরুণদের দেশপ্রেম ও সৃজনশীলতায় অনুপ্রাণিত হয়েছেন এবং তাদের জন্য আরও বেশি সুযোগ ও পরিসর তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও জানান জাইমা।
পরিবর্তনের প্রসঙ্গে জাইমা রহমান বলেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে প্রান্তিক পর্যায়ের তরুণদের নেতৃত্বে জায়গা করে দিতে হবে। পাশাপাশি নতুন কণ্ঠস্বর, নতুন শক্তি ও নতুন চিন্তার জন্য রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় দরজা খুলে দিতে হবে। তার ভাষায়, এই উদ্যোগ ভবিষ্যতের জন্য নয়—এখনই প্রয়োজন।

