বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চাঁদপুরে ধানের শীষ প্রার্থীকে জাপার সমর্থন

ডেস্ক রিপোর্ট।।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ঘোষণা করেছে চাঁদপুর জেলা জাতীয় পার্টি (জাপা)। আসনটিতে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

রোববার (২৫ জানুয়ারি) সকালে শহরের বিপনীবাগ পৌর সুপার মার্কেটের সামনে জেলা জাপার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, সেই দিনের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। আগামী ১২ ফেব্রুয়ারি চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টিও চায় আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসুক।

জেলা জাপার সহ-সভাপতি ও পৌর জাপার আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং পৌর জাপার সদস্য সচিব ফেরদৌস খানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, সদর উপজেলা জাপার সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গোলাম নবী লিটনসহ অন্যান্য নেতারা।

সভায় সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরু মিজি বলেন, জাতীয় পার্টি স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে রাজনীতি করে। চাঁদপুর-৩ আসনে জাপার কোনো প্রার্থী না থাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, এটি দলের লিখিত কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়; বিষয়টি জাতীয় পার্টির মহাসচিব ও জেলা সভাপতিকে অবহিত করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন