সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তাহাজ্জুদের পর কেন্দ্রে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনের দিন ভোর থেকেই ভোটকেন্দ্রে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে পড়ে সেখান থেকেই ভোট দেওয়ার লাইনে দাঁড়াতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বক্তব্য শুরু করে তারেক রহমান বলেন, ভোট ও গণতন্ত্রকে ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। গত দেড় দশকের মতো একই কৌশলে আবারও মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার যেন কেউ আর হরণ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

আইনশৃঙ্খলা ও দুর্নীতির প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণই হবে প্রধান অগ্রাধিকার। অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতেও বিএনপি সরকারে থাকাকালে দলীয় পরিচয় নির্বিশেষে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও একই নীতি অনুসরণ করা হবে।

চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। সরকার গঠন করতে পারলে বেগম খালেদা জিয়ার নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, শিক্ষা ব্যবস্থায় সংস্কার, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ হেলথ ওয়ার্কার নিয়োগ, দেশজুড়ে খাল খনন কর্মসূচি এবং ইপিজেড সম্প্রসারণের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

বক্তব্যের শেষভাগে তারেক রহমান বলেন, সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীসহ সব সম্প্রদায়কে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে এগিয়ে যাবে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার ২৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন