রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনায় নিচ্ছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে দেশটি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে সরকারি সূত্র।

রোববার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের অনুমতির ওপর নির্ভরশীল। পাকিস্তান সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিশ্বকাপে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশের প্রতি আইসিসির আচরণকে ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে পিসিবি। সংস্থাটির ভোটাভুটিতে পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। পিসিবির মতে, আইসিসির সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে ন্যায়বিচার ও সমতার প্রশ্ন তুলে দিয়েছে।

সরকারি সূত্র জানায়, বিষয়টি কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নীতিগত অবস্থানের সঙ্গে জড়িত। বাংলাদেশের প্রতি অবিচার এবং আইসিসির পক্ষপাতমূলক ভূমিকা পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

ওই সূত্র আরও জানায়, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো কোনো নির্দিষ্ট দেশের প্রভাবের কাছে নত হতে পারে না। ভারত ভেন্যু নির্বাচনে স্বাধীনতা পেলেও বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়েও একই সুযোগ না পাওয়ায় সমালোচনা করেছে পাকিস্তান।

এদিকে, লাহোরে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের ক্রিকেটাররা পিসিবি চেয়ারম্যানের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই তারা মেনে নেবেন।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখন সব নজর দেশটির প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন