আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন সময়জুড়ে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে।
নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে প্রতিটি সিটি করপোরেশনে ৬টি, বিভাগে ৪টি, জেলায় ৩টি, উপজেলায় ২টি এবং ইউনিয়ন পর্যায়ে ১টি করে মেডিক্যাল টিম গঠন করতে হবে। জনবল ও প্রয়োজন অনুযায়ী টিমের সদস্য নির্ধারণ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা স্বাস্থ্য প্রশাসক।
এ ছাড়া জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগ, সার্বক্ষণিক অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা এবং হাসপাতালপ্রধানদের কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান অনুপস্থিত থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোগী রেফার্ডের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও যথাযথ কাউন্সেলিং নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকালীন কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা দিতে হবে। একই সঙ্গে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালাইসিস ইউনিট, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার স্বাভাবিক কার্যক্রমে খোলা রাখতে হবে।
এদিকে, বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়েও ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

